দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১ ডিসেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণ বিক্রয়ের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদের কারণে মজুরির হার পরিবর্তিত হতে পারে।
এর আগে, গত ২৯ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৬ বার দাম বৃদ্ধি এবং ২৬ বার হ্রাস করা হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২ বার।
রুপার বাজারে কোনো পরিবর্তন নেই। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম এখন পর্যন্ত ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার দাম বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছে।

মতামত দিন