অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে স্বর্ণ এবং রূপার।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে স্বর্ণ এবং রূপার দাম আবারো বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্পট গোল্ড দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে, যা একদিনে প্রায় এক শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনার কারণে আবার স্বর্ণের দিকে আগ্রহ দেখাচ্ছেন।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (২৮ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,২১০.৯৪ ডলার হয়েছে। মাসজুড়ে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫.২ শতাংশ এবং সাপ্তাহিক ভিত্তিতে ৩.৬ শতাংশ। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন ফিউচার ১.৩ শতাংশ বেড়ে ৪,২৫৪.৯ ডলারে বন্ধ হয়েছে।

টিডি সিকিউরিটিজের কমোডিটি বিশেষজ্ঞ বার্ট মেলেক বলেছেন, “২০২৬ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরগতিতে চলার সম্ভাবনা রয়েছে। ফেড সুদের হার কমালে বিনিয়োগকারীরা আবার স্বর্ণে ঝুঁকবেন।” তবে ভারতে বিয়ের মরসুম থাকা সত্ত্বেও খুচরা ক্রয় কমে গেছে, এবং চীনে স্বর্ণে কর ছাড় প্রত্যাহারের কারণে চাহিদা কমেছে।

মার্কিন সরকারের সাম্প্রতিক শাটডাউন, দুর্বল অর্থনৈতিক সূচক এবং ফেড কর্মকর্তাদের নরম মন্তব্য মিলিয়ে সুদের হার কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ব্যবসায়ীরা এখন ডিসেম্বরেই সুদের হার কমার সম্ভাবনা ৮৭ শতাংশ হিসেবে দেখছেন, যা আগের সপ্তাহে ৫০ শতাংশ ছিল।

রূপার বাজারেও শক্তিশালী উত্থান দেখা গেছে। আউন্সপ্রতি দাম ৫৬.৭৮ ডলারতে পৌঁছেছে, যা নতুন রেকর্ড। দিনের ভিত্তিতে ৬.১ শতাংশ এবং মাসজুড়ে ১৬.৬ শতাংশ বৃদ্ধি রেকর্ড হয়েছে। কিটকো মেটালসের বিশ্লেষক জিম উইকফ বলেন, “রূপার কারিগরি চার্টগুলো বলছে যে বিনিয়োগকারীরা এখন এতে আরও আগ্রহী।”

অন্যান্য ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। প্ল্যাটিনামের দাম বেড়ে আউন্সপ্রতি ১,৬৭২.৫০ ডলারে দাঁড়িয়েছে, যা সাপ্তাহিক হিসেবে ১০.৭ শতাংশ বৃদ্ধি। প্যালাডিয়ামের দাম ১,৪৫০.১৬ ডলারে পৌঁছেছে, যা সাপ্তাহিক হিসেবে ৫.৬ শতাংশ বেড়েছে।

মতামত দিন