অর্থনীতি
ছবি: সংগৃহীত

চলতি বছরে ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন: এনবিআর।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষের জন্য এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) এনবিআরের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

২০২৫-২৬ বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম ৪ আগস্ট উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এরপর থেকে করদাতারা সক্রিয়ভাবে অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিতে শুরু করেছেন। এনবিআরের নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ই-রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবে চাইলে তারা অনলাইনে দাখিল করতে পারবেন।

যারা কোনো কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন না, তারা ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করলে পেপার রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া, বিদেশে অবস্থানরত করদাতারা প্রয়োজনীয় তথ্য ই-মেইল করার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন এবং সহজেই ই-রিটার্ন দাখিল করতে সক্ষম হচ্ছেন।

করদাতারা কোনো কাগজপত্র আপলোড না করেও আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সিস্টেমে এন্ট্রি করে ঘরে বসেই অনলাইনে আয়কর পরিশোধ ও রিটার্ন জমা দিতে পারছেন। সফল জমার পরে তারা স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র ও আয়কর সনদ প্রিন্ট করতে পারেন।

এনবিআর গত বছর অনলাইনে রিটার্ন প্রক্রিয়া সহজ করার জন্য প্রশিক্ষণ দিয়েছিল, এবং চলতি বছরও করদাতা ও তাদের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) এবং হেল্প-ডেস্ক স্থাপন করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাদের অনুরোধ করেছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে জমা দিতে।

মতামত দিন