বাজারে ডলার সংকট নেই, আমদানি নিয়ে আতঙ্কের প্রয়োজন নেই :গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাজারে ডলার নিয়ে যে আলোচনা চলছে, বাস্তবে তেমন কোনো সংকট নেই।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর বলেন, রমজানকে সামনে রেখে আমদানিতে কোনো ধরনের চাপ সৃষ্টি হয়নি। বিভিন্ন প্রয়োজনীয় পণ্য—সব ক্ষেত্রেই আগের তুলনায় আমদানির পরিমাণ বেড়েছে। তাই আমদানি-সংক্রান্ত কোনো আশঙ্কা এখনো দেখা যাচ্ছে না।
ডলার বিনিময় হার প্রসঙ্গে তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এক্সচেঞ্জ রেটকে পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং এর ফল ইতিবাচক। তার ভাষায়, “আমাদের যখন যত প্রয়োজন, তত পরিমাণই আমদানি করা সম্ভব। ব্যাংকিং সেক্টরে আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই।”
তিনি আরও বলেন, কেউ যদি আমদানিতে সমস্যায় পড়ে, সেটি সংশ্লিষ্ট আমদানিকারকের নিজস্ব সীমাবদ্ধতা। আমদানি করার পর প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করা ব্যবসায়ীর দায়িত্ব বলেও মন্তব্য করেন গভর্নর।

মতামত দিন