অর্থনীতি
ছবি: সংগৃহীত

৫ শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত: কর্মীদের বেতন সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্রায়ত্তভাবে গঠিত নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ যুক্ত হওয়া পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের কর্মীদের বেতন কাঠামো কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

তিনি জানান, এই পাঁচ ব্যাংকের টানা তারল্যঘাটতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক ৩৫০ কোটি টাকা জরুরি সহায়তা দিয়েছে। একই সঙ্গে কর্মীদের বেতন সাময়িকভাবে কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন—এখন কর্মীদের বেতন নির্ভর করছে গ্রাহক আমানতের ওপর। যেমন গত অর্থবছরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লোকসানে থাকায় আমানতকারীদের আমানত থেকে প্রায় ৬০০ কোটি টাকা বেতন ব্যয় মেটাতে হয়েছিল। এমনকি এফএসআইবিএল ও এসআইবিএল—দুই ব্যাংকের কর্মীরা বর্তমানে নিজেদের বেতনও পুরোপুরি তুলতে পারছেন না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এটি পুনর্গঠনের অংশমাত্র—পরিস্থিতি স্থিতিশীল হলে বাজারদরের মতো বেতন আবার চালু করা হবে।

এর আগে ৫ নভেম্বর আর্থিক অনিয়ম, তারল্য সংকট ও খারাপ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

পরে ৯ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সভায় এই পাঁচ ব্যাংককে একত্রে পরিচালনার অনুমোদন দেওয়া হয় এবং নতুন রাষ্ট্রীয় শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর জন্য প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়।

মতামত দিন