বিশ্ববাজারে নতুন করে স্বর্ণের মূল্য বৃদ্ধি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুরে স্পট গোল্ডের দাম একধাক্কায় আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়, যা আগের তুলনায় প্রায় ১.২ শতাংশ বেশি। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণ ফিউচারও বাড়ে; আউন্সপ্রতি দাম উঠে যায় প্রায় ৪ হাজার ৯৪ ডলার ছুঁইছুঁই।
টিডি সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক বার্ট মেলেক মনে করেন, বাজারে এখন পরিষ্কার ধারণা তৈরি হচ্ছে যে ফেড ডিসেম্বরেই সুদের হার কমানোর পথে হাঁটবে। গত শুক্রবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও ইঙ্গিত দেন—চাকরির বাজার স্থিতিশীল রাখতে ও মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ধরে রাখতে প্রয়োজন হলে সুদের হার শিগগিরই কমানো হতে পারে।
এদিকে সিএমই ফেডওয়াচ টুল বলছে, সেপ্টেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে প্রায় ৭৯ শতাংশে—যা বাজারে স্বর্ণের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।
মেলেক আরও জানান, সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য হয়তো মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমেছে এমন ধারণা দিতে পারে, যা স্বর্ণের দাম বৃদ্ধিকে আরও উৎসাহিত করছে।
স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল বলেন, সুদের হার নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি ইউক্রেন ঘিরে বৈশ্বিক রাজনৈতিক অবস্থার পরিবর্তনও স্বর্ণের মূল্য বাড়ানোর পক্ষে কাজ করছে। তবে তার মতে, স্বর্ণের দাম এখনো ৪ হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের সীমায় ওঠানামা করবে।
স্বর্ণের সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার আউন্সপ্রতি ১.৭ শতাংশ লাফিয়ে ৫০ দশমিক ৮৪ ডলারে পৌঁছায়। আর প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে, যা প্রায় ২.৩ শতাংশ বৃদ্ধি।

মতামত দিন