আজ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার সেবা বন্ধ।
বাংলাদেশ ব্যাংক আজ রোববার (২৩ নভেম্বর) থেকে সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড ইস্যু ও নগদ ছেঁড়া–ফাটা নোট বদলসহ সব ধরনের সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিচ্ছে। মতিঝিল প্রধান কার্যালয়সহ কেন্দ্রীয় ব্যাংকের সব শাখায় একইসঙ্গে কাউন্টার-ভিত্তিক এসব সেবা স্থগিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষের কাছে এ ধরনের লেনদেন কাউন্টারে পরিচালনা করে না। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এবং কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, গ্রাহকদের প্রয়োজনীয় সেবা যেন নির্বিঘ্নে চালু থাকে—এ জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোরভাবে তদারকি করা হবে।
এর আগে পরিকল্পনা ছিল ৩০ নভেম্বর প্রথমে মতিঝিল অফিসে সেবা বন্ধ করা হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য শাখায়। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে সব কার্যালয়ে একইদিনে সেবা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এতদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ছাড়াও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিসের কাউন্টার থেকে সাধারণ গ্রাহক এসব সেবা গ্রহণ করতে পারতেন।

মতামত দিন