অর্থনীতি
ছবি: সংগৃহীত

চলতি মাসে ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি অক্টোবর মাসের প্রথম ২৯ দিনে বাংলাদেশে প্রবাসী প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারে। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৩৮ লাখ ডলার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। ২০২৪ সালের অক্টোবরের প্রথম ২৯ দিনে দেশে এসেছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার, যা চলতি বছরের চেয়ে কম।

একই সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর একদিনেই দেশে এসেছে ৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১০১ কোটি ৮০ লাখ ডলার, যা বছরের শুরু থেকে ১৪.৫০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

গত কয়েক মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগের মাসগুলোতে জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার দেশে প্রবাহিত হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে প্রেরণ করেছেন মোট ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

মতামত দিন