অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের প্রভাব বিশ্ব বাজারে স্বর্ণের দামে প্রতিফলিত হয়েছে। ডলারের দুর্বল অবস্থার কারণে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সোনার দাম বৃদ্ধি পায়, যদিও মার্কিন-চীনের বাণিজ্য আলোচনার চূড়ান্ত ফলাফলের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্কতা অব্যাহত আছে।

স্পট গোল্ডের দাম বেড়ে আউন্সপ্রতি ৪,০০৪.৭৫ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশের বৃদ্ধি। অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের মার্কিন সোনার ফিউচারের দাম ৪,০১৮.৩০ ডলারে নেমে এসেছে, যা ০.৪ শতাংশ কম।

বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর মাসে ফেড আরও সুদের হার কমালে স্বর্ণের বাজারে দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে, যদিও স্বল্পমেয়াদে মূল্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এফএক্সটিএমের সিনিয়র বিশ্লেষক লুকমান ওতুনুগা জানিয়েছেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক এবং ফেডের এই বছরের দ্বিতীয়বারের সুদ হ্রাস বিনিয়োগকারীদের জন্য স্বর্ণকে আকর্ষণীয় করে তুলেছে।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩.৭৫ থেকে ৪.০০ শতাংশের মধ্যে স্থাপন করেছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, কর্মকর্তারা মুদ্রানীতির বিষয়ে এখনও একমত নন এবং ডিসেম্বর মাসে আবারও সুদ কমানোর সম্ভাবনা কম।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে, বেইজিং মার্কিন সয়াবিন কেনা পুনরায় শুরু করবে এবং বিরল ধাতুর রপ্তানি বজায় থাকবে। এছাড়া, বেআইনি ফেন্টানিল বাণিজ্যের বিরুদ্ধে কার্যক্রমও চলবে।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। সফরের অন্যান্য অংশে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তির অগ্রগতি দাবি করেন।

সূত্র: রয়টার্স

মতামত দিন