অর্থনীতি
ছবি: সংগৃহীত

নভেম্বর মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে রোববার।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী রোববার (২ নভেম্বর) ভোক্তাদের জন্য নতুন এলপিজি এবং অটোগ্যাসের দাম প্রকাশ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত নভেম্বর ২০২৫ মাসের সৌদি সিপি অনুসারে বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা বিকেল ৩টায় রোববার প্রকাশিত হবে। এর আগে ৭ অক্টোবর ২০২৫ সালে এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রোববারের ঘোষণা এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দাম সম্পর্কেও হবে। অটোগ্যাসের সর্বশেষ সমন্বয়ও ৭ অক্টোবর করা হয়। সে সময় প্রতি লিটার ভোক্তা পর্যায়ের মূসকসহ দাম ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের মূল্যের থেকে ১ টাকা ৩৮ পয়সা কম।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ৪ দফা কমানো হয়েছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। অপরিবর্তিত ছিল ১ দফা। গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেয়েছিল। এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল, এবং ডিসেম্বরের দাম অপরিবর্তিত ছিল।

মতামত দিন