রাশিয়ার প্রধান দুই তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায় প্রায় ৫ শতাংশ।
বুধবার (২২ অক্টোবর) ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় অংশ নিতে রাশিয়ার অস্বীকৃতির জবাবে মার্কিন অর্থ বিভাগ এই দুই কোম্পানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।
রয়টার্সের তথ্যমতে, নিষেধাজ্ঞার খবর প্রকাশের পরপরই ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৫ দশমিক ৯৮ ডলারে, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে হয় ৬১ দশমিক ৮১ ডলার।
সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ‘এই নিষেধাজ্ঞা চীন ও ভারতের মতো রুশ তেলের বড় ক্রেতাদের জন্য নতুন চাপ তৈরি করবে। তারা বিকল্প সরবরাহ না পেলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে।’
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করার মাধ্যমে ক্রেমলিনের যুদ্ধ পরিচালনার আর্থিক সামর্থ্য দুর্বল করাই এই পদক্ষেপের লক্ষ্য। তিনি আরও বলেন, “এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়া উচিত।”
তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আরেকটি যুদ্ধ শেষ করার উদ্যোগকে’ সহায়তা করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
এর আগে, যুক্তরাজ্যও রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা দেয়, আর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে। এর আওতায় রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিও নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
মতামত দিন