ডিজিটাল সেবা সম্প্রসারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও সমাধান সার্ভিসেসের চুক্তি।
দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বাড়াতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেডের সঙ্গে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং সমাধান সার্ভিসেসের প্রধান নির্বাহী আহমদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমএফএস ও ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, সমাধানের সিওও মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং প্রধান মো. সালাহ উদ্দিন তানভীর এবং বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি প্রধান এ বি এম সাইফুল বারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি বিষয়ে আল-আরাফাহ্ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অংশীদারত্বের ফলে উভয় প্রতিষ্ঠানের ডিজিটাল আর্থিক সেবা আরও সহজলভ্য হবে। এতে গ্রাহকেরা আগের তুলনায় দ্রুত, নিরাপদ ও সুবিধাজনকভাবে সেবা গ্রহণ করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, শরিয়াহভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল সেবা এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এই সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মতামত দিন