অর্থনীতি
ছবি: সংগৃহীত

সরকারি চারটি ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা, সম্পদ মূল্যায়ন করতে যাচ্ছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি চারটি ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। এর প্রেক্ষিতে সরকার বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকগুলোর সম্পদ পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

এ কাজে সহায়তা করবে বিশ্বব্যাংক।

বিগত কয়েক দশকে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট আমানত ছিল প্রায় ২০ লাখ কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ অনিয়ম, লুটপাট ও অপচয়ে চলে গেছে। দুর্বল অবস্থায় থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকারি ব্যাংকগুলোরও অনিয়মে পিছিয়ে নেই।

গত ডিসেম্বরে চারটি সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ছিল প্রায় ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। চলতি বছরের জুনে এটি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার কোটি টাকার ওপরে। সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১৯ হাজার ৮০০ কোটি টাকার বেশি, জনতা ব্যাংকের ঋণ ৭২ হাজার কোটি ছাড়িয়ে গেছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি চারটি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করা হবে। বিশ্বব্যাংক এই প্রক্রিয়ায় কারিগরি সহায়তা প্রদান করবে। সম্পদ মূল্যায়ন প্রফেশনাল অডিট ফার্মের মাধ্যমে করা হবে, যা কয়েক মাস সময় নেবে।

তবে এই পর্যায়ে কোনো ব্যাংককে একীভূত করা বা বেসরকারি খাতের হাতে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারই নেবে। অন্যদিকে, দুর্বল অবস্থায় থাকা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো পদক্ষেপ নেই।

মতামত দিন