পাইকারি বাজারে দাম কমেছে চালের, খুচরা বাজারে এখনো কমেনি।
দেশের বাজারে কমতে শুরু করেছে চালের দাম। রাজধানীর পাইকারি বাজারগুলোতে প্রায় সব ধরনের চালের দাম বস্তাপ্রতি সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত কমেছে।
রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, সিদ্ধ চাল (মিনিকেট) বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়, পাইজাম চাল ২ হাজার ৭০০ টাকায়, আর কাটারিভোগ চাল ১ হাজার ৭০০ টাকায়। নাজিরশাইল চাল এখন ২ হাজার এবং স্বর্ণা চাল ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে সরু চালের দাম ১.৮৫ শতাংশ ও মাঝারি মানের চালের দাম ৩.৭২ শতাংশ কমেছে। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে মোট ১৩ লাখ টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে ৬ লাখ টন ভারত থেকে, ১ লাখ টন মিয়ানমার থেকে, ১ লাখ টন ভিয়েতনাম থেকে, এবং বাকিগুলো পাকিস্তান থেকে এসেছে।
চাল ব্যবসায়ীরা জানান, ভারত থেকে বড় পরিমাণ চাল আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমতে শুরু করেছে। ক্রেতা্রা জানান, পাইকারি দাম কমলেও খুচরা বাজারে এখনো কমেনি, তবে আশা করা যায় আগামী সপ্তাহে খুচরা দামও কমে আসবে।
ব্যবসায়ীরা উল্লেখ করেছেন, ভারতীয় চালের প্রবাহ বৃদ্ধি ও প্রতিযোগিতার কারণে দাম নিয়ন্ত্রণ করছে বড় গ্রুপ নয়, সাধারণ আমদানিকারীরাও বাজারে আসার কারণে দাম কমেছে। আগামী দুই মাসে আমন ধান ওঠার পর দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন