অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের নতুন রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

বাণিজ্যিক অনিশ্চয়তা ও মার্কিন সরকারের অচলাবস্থার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনার হিড়িক পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ১২ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৩৫ ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। এর কিছু আগে দাম উঠেছিল ৪ হাজার ২৪৩ ডলারে। টানা পাঁচদিন ধরে এই ধাতুর মূল্য বাড়ছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের দর বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪ হাজার ২৫২ দশমিক ৩০ ডলার।

বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্যিক টানাপোড়েন, চীনের বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ, এবং মার্কিন অর্থনীতির অচলাবস্থা মিলিয়ে অনিশ্চয়তা বাড়ায় স্বর্ণে বিনিয়োগ বেড়েছে। পণ্যবিশেষজ্ঞ নিতেশ শাহ বলেন, “এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে। ফলে তারা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছেন।”

স্টেট স্ট্রিট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের স্বর্ণ কৌশলপ্রধান আকাশ দোশির মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়াতে পারে।

অন্যদিকে রুপার দাম বৃহস্পতিবার সামান্য কমে প্রতি আউন্সে ৫২ দশমিক ৮৮ ডলার হয়েছে, যদিও সপ্তাহের শুরুতে এটি রেকর্ড ৫৩ দশমিক ৬০ ডলারে উঠেছিল। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৯ দশমিক ৬০ ও ১ হাজার ৫৪০ দশমিক ২৫ ডলারে।

দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়, যা দেশে সর্বোচ্চ। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, আর ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায়।

রুপার বাজারেও বেড়েছে দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

মতামত দিন