অর্থনীতি
ছবি: সংগৃহীত

জাল নোটের খবর ছড়িয়ে উদ্বেগ, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় কিছু দৈনিকে দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে—এমন খবর প্রকাশের পর উদ্বেগের সৃষ্টি হয়েছে জনমনে। এ পরিস্থিতিতে নাগরিকদের সচেতন থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জাল নোট তৈরি, বহন বা লেনদেন আইনত সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে এবং জাল নোট প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।

জনসাধারণের জন্য নির্দেশনা:
১. টাকা গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন—যেমন জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।
২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।
৩. নগদ লেনদেনের পরিবর্তে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করুন।
৪. কোনো সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই মূলনীতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানার জন্য ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) ভিজিট করতে বলা হয়েছে।

এ ছাড়া প্রতিটি ব্যাংক শাখায় আসল ও জাল নোট শনাক্তে সহায়ক পোস্টার ও এক্স-ব্যানার টানানো রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মতামত দিন