নতুন রেকর্ডে স্বর্ণের দাম, বিশ্ববাজারে আউন্সপ্রতি ছাড়াল ৪,১০০ ডলার।
বিশ্ববাজারে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। সোমবার দিনভর কয়েক দফায় লাফিয়ে বাড়ার পর আউন্সপ্রতি স্বর্ণের দাম প্রথমবারের মতো ৪ হাজার ১০০ ডলার অতিক্রম করে।
রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য উত্তেজনা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। এর প্রভাবেই সোমবার স্বর্ণের চাহিদা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সঙ্গে রুপার দামও ছুঁয়েছে সর্বকালের রেকর্ড।
বিকেলে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ১০৬ দশমিক ৪৮ ডলারে। ডিসেম্বর ডেলিভারির ফিউচার মার্কেটে দাম বৃদ্ধি পায় ৩ দশমিক ৩ শতাংশ, যা গিয়ে ঠেকে ৪ হাজার ১৩৩ ডলারে।
এই বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। গত সপ্তাহেই এটি প্রথম ৪ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করে। সোমবার দুপুরে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে হয় ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলার, পরে সেশন শুরুর দিকে সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলারে ওঠে। বিকেলের পর আবারও দাম বাড়তে বাড়তে সব রেকর্ড ছাড়িয়ে যায়।
ফিউচার মার্কেটেও দাম বাড়ার ধারা অব্যাহত থাকে—প্রতি আউন্স স্বর্ণ সেখানে বিক্রি হয় ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলারে, যা ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি।
একই সময়ে রুপার দামও রেকর্ড উচ্চতায় ওঠে। স্পট সিলভারের দাম বেড়ে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছে আউন্সপ্রতি ৫১ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়।
ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার বিশ্লেষক ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের এই ঊর্ধ্বগতি আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। তাঁর পূর্বাভাস, “২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম সহজেই ৫,০০০ ডলার ছাড়াতে পারে।”
মতামত দিন