অর্থনীতি
ছবি: সংগৃহীত

যুদ্ধ-উত্তেজনা ও ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে রেকর্ড বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ, ভূরাজনৈতিক চাপ এবং দেশের পরিবহন ধর্মঘট ও কাস্টমস কলমবিরতির মতো কারণে অর্থনীতির গতি মন্থর হলেও চট্টগ্রাম সমুদ্রবন্দর কার্যক্রমে তেমন প্রভাব পড়েনি। বন্দরের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীদারের সমন্বিত উদ্যোগে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ১ হাজার ১৮৫ টিইইউস বেশি, অর্থাৎ ১২.২৪% বৃদ্ধি। একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৯৬৬ মেট্রিক টন (১৩.৮৮% বৃদ্ধি) এবং জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১ হাজার ৩১টি (৯.২২% বৃদ্ধি)।

বন্দরটির প্রধান টার্মিনাল এনসিটি (সিডিডিএল পরিচালিত) কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ বৃদ্ধি দেখিয়েছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে এনসিটিতে ৩ লাখ ৪২ হাজার ৬৪৯ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের একই সময়ে ৪১ হাজার ৭৫৪ টিইইউস বেশি।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান বলেন, বিদেশি ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বন্দরের কার্যক্রম অব্যাহত রয়েছে। অবকাঠামো উন্নয়ন, নতুন প্রকল্প এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

মতামত দিন