অর্থনীতি
ছবি: সংগৃহীত

প্রবৃদ্ধি টিকে থাকলেও কর্মসংস্থানে ধস, দারিদ্র্য বেড়েছে বাংলাদেশে: বিশ্বব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেও বাংলাদেশের শ্রমবাজারে উদ্বেগজনক সংকেত দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের জাতীয় দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২১.২ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ২০.৫ শতাংশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ আপডেট শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

বিশ্বব্যাংক জানায়, প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও কর্মসংস্থান কমছে, বিশেষত নারীদের অংশগ্রহণে বড় ধরনের পতন ঘটেছে। সংস্থাটির মতে, উৎপাদনমুখী খাতে তরুণ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ না বাড়লে সামাজিক বৈষম্য বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা ঝুঁকিতে পড়বে।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের শ্রমশক্তি অংশগ্রহণের হার ৬০.৯ শতাংশ থেকে নেমে এসেছে ৫৮.৯ শতাংশে। একই সময়ে কর্মসংস্থান-জনসংখ্যা অনুপাত ২.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬.৭ শতাংশে, আর বেকারত্ব বেড়ে ৩.৭ শতাংশে পৌঁছেছে।

বিশ্বব্যাংক জানায়, এ সময় আরও ৩০ লাখ কর্মক্ষম মানুষ শ্রমশক্তির বাইরে চলে গেছেন, যার মধ্যে প্রায় ২৪ লাখই নারী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি বজায় থাকলেও নতুন কর্মসংস্থান তৈরি হয়নি; বরং বিদ্যমান চাকরির সংখ্যাও কমেছে। সামগ্রিকভাবে গড়ে ২.৬ শতাংশ কর্মসংস্থান হ্রাস পেয়েছে, যার মধ্যে সেবা খাতের পতন সবচেয়ে বড়।

বিশ্বব্যাংক মনে করে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ দুর্বল হয়ে পড়েছে। জিডিপি বাড়লেও সেই হারে নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। তুলনামূলকভাবে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে কৃষি খাতে, যেখানে নতুন শ্রমিক যুক্ত হয়েছে আগের চেয়ে বেশি।

মতামত দিন