হ্যাকড হওয়ার ১২ ঘণ্টা পর ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ উদ্ধার।
প্রায় ১২ ঘণ্টা নিয়ন্ত্রণ হারানোর পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ পুনরুদ্ধার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে পেজটি আবার ব্যাংকের দখলে আসে বলে জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
ব্যাংকের জনসংযোগ প্রধান নজরুল ইসলাম জানান, ভোরে পেজটি হ্যাকড হয়। সারাদিন ধরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর বিকেলে নিয়ন্ত্রণ ফেরত পাওয়া যায়। বর্তমানে এটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
হ্যাকাররা ভোর ৫টা ৪২ মিনিটে পেজটিতে প্রথম পোস্ট দেয়। নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কভার ছবি পাল্টে নিজেদের পরিচয় প্রদর্শন করে। পোস্টে তারা নিজেদের “এমএস ৪৭০এক্স (MS 470X)” নামে পরিচয় দেয় এবং কয়েকটি বার্তা প্রকাশ করে। এমনকি বরখাস্ত কর্মীদের পুনর্বহালের দাবি জানিয়ে একটি পোস্টও করেছিল, যদিও কিছু সময় পর তা সরিয়ে ফেলা হয়।
সম্প্রতি ব্যাংকটিতে বড় ধরনের ছাঁটাই কার্যক্রম চলছে। এ সময় ৪০০-র বেশি কর্মকর্তা চাকরি হারিয়েছেন এবং প্রায় ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

মতামত দিন