অর্থনীতি
ছবি: সংগৃহীত

রাজধানীতে কাঁচা মরিচের দাম ৩০০ টাকার ওপরে, সবজির বাজারে মূল্যবৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক: 

রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচের দাম আবার ৩০০ টাকা ছাড়িয়েছে। এখন এক কেজি কাঁচা মরিচের দাম ৩২০ টাকার আশপাশে পৌঁছেছে।

সাধারণ ক্রেতারা একসঙ্গে এক কেজি কিনতে না পারায় ২৫০ গ্রাম কাঁচা মরিচের জন্য ৭৫-৮০ টাকা খরচ করতে হচ্ছে।

পাঁচ দিন আগেও এক কেজি মরিচের দাম ছিল ২০০-২২০ টাকা। গত আগস্টের মাঝামাঝি সময়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছিল।

কোনো সবজির দোকানেই কাঁচা মরিচ ৩২০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। মান ভালো হলে দাম আরও বেশি রাখা হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত ও পূজার ছুটির কারণে পণ্য আমদানির পরিমাণ কমে যাওয়ায় সরবরাহ হ্রাস পেয়েছে।

শুধু কাঁচা মরিচ নয়, বাজারে অধিকাংশ সবজির দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। টমেটো এখন কেজিতে ১২০-১৫০ টাকা, বেগুন ১২০-১৪০ টাকা এবং তাল বেগুনের দাম কেজিতে ২২০ টাকার ওপরে। পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দুল, লাউ ৭০-৮০ টাকায়, কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, বরবটি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে দেশে উৎপাদিত কাঁচা মরিচ ও টমেটো নেই বললেই চলে। ভারত থেকে আমদানি হওয়া পণ্যও পূজার ছুটির কারণে কমে গেছে। বৃষ্টির কারণে দেশীয় সবজির সরবরাহও হ্রাস পেয়েছে। ফলে সবজির দাম চড়া।

মতামত দিন