অর্থনীতি
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির মধ্যেই পাচার হওয়া অর্থের একটি অংশ ফেরত আসতে পারে: অর্থ উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক: 

অর্থ পাচারের টাকা ফেরত আনার প্রক্রিয়া গতি পেয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার আশাবাদ, আগামী ফেব্রুয়ারির মধ্যেই এই অর্থের একটি অংশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন জানান, পাচারকারীরা অনেক চতুর হওয়ায় টাকা ফিরিয়ে আনতে সময় লাগছে।ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, আবার বিভিন্ন দেশে তাদের অ্যাকাউন্ট ও পাসপোর্টের তথ্যও সরকারের হাতে রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করেছে, নতুন সরকার সেটির ধারাবাহিকতা বজায় রাখলে তবেই এ অর্থ ফেরত আনা সম্ভব হবে। কারণ আন্তর্জাতিক নিয়ম মেনে এগোতে হচ্ছে। শিগগিরই কতটুকু অর্থ ফেরত আনা সম্ভব—তা জানানো যাবে।

এছাড়া বৈঠকে আতপ চাল আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, দেশে চালের মজুত থাকলেও হঠাৎ কোনো প্রতিবেশী দেশ সরবরাহ বন্ধ করে দিলে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে।

সারের মূল্য নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমছে, ফলে সরকার স্বস্তি পাচ্ছে।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে। তবে সবজির দামে মৌসুমি ওঠানামা রয়েছে। স্বীকারোক্তি দিয়ে তিনি বলেন,বাজার ব্যবস্থাপনায় এখনো পুরোপুরি সাফল্য অর্জন সম্ভব হয়নি।

অন্য এক প্রশ্নে তিনি জানান, কিছু প্রকল্পে বেশি বরাদ্দ দেওয়া হলেও সেগুলো নতুন নয়,বরং পূর্ববর্তী সময়ে অনুমোদিত হয়েছিল।

মতামত দিন