অর্থনীতি
ছবি: সংগৃহীত

টানা ৩ দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে কমল স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের দিকে এক বিজ্ঞপ্তি দিয়ে নতুন দর ঘোষণা করে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে এ দাম। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাজুসের তথ্যমতে, এবার ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে। ফলে বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার কারুকাজ ও মানের তারতম্যে মজুরি বাড়তে বা কমতে পারে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর বাজুস ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা করেছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য ছিল। তখন ২১ ক্যারেটের দাম দাঁড়ায় ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৪০ বার বেড়েছে আর ১৮ বার কমেছে। গত বছর ২০২৪ সালে ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো হয় আর কমানো হয়েছিল ২৭ বার।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ২২৮ টাকা বিক্রি হচ্ছে—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


মতামত দিন