অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে বেড়েছে রুপার দাম,ভরিতে কত?

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে রুপার দাম আবারও বেড়ে ইতিহাস ছুঁয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে ভরি প্রতি ২২ ক্যারেট রুপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৮ টাকা।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে।

সংশোধিত দামে ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ভরি প্রতি ৩ হাজার ৪৫৩ টাকায়, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ভরি প্রতি ২ হাজার ২২৮ টাকায়। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট ও মজুরি আলাদাভাবে যুক্ত হবে, যা নকশা ও মানভেদে পরিবর্তিত হতে পারে।

এর আগে চলতি মাসের ১৬ তারিখে সর্বশেষ দাম সমন্বয় হয়েছিল। তখন ভরি প্রতি ২২ ক্যারেট রুপা নির্ধারিত হয়েছিল ৩ হাজার ৪৭৬ টাকা। নতুন সমন্বয়ের ফলে এ বছর মোট চারবার রুপার দাম পরিবর্তিত হলো—যার মধ্যে তিনবার বেড়েছে, একবার কমেছে।

শুধু রুপা নয়, স্বর্ণের দামও বেড়েছে সর্বোচ্চ পর্যায়ে। সর্বশেষ ঘোষণায় বাজুস ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম বাড়িয়ে করেছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। নতুন তালিকায় ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ভরি প্রতি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকায় এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকায়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫৭ বার স্বর্ণের দামে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০ বার, কমেছে ১৭ বার।

মতামত দিন