অর্থনীতি
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় আন্তর্জাতিক হ্যাকার চক্র। সেই অর্থের একটি বড় অংশ পরে ফিলিপাইনে স্থানান্তর করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে ফিলিপাইনের মাকাতি সিটির আরসিবিসি ব্যাংকে  রাখা ওই অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে বলে জানায় সিআইডি। বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে।

সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরের কিছু চক্রের সহযোগিতা ছাড়া এত বড় অঙ্কের অর্থ পাচার সম্ভব ছিল না। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্যপ্রযুক্তি আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।

মতামত দিন