অর্থনীতি
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ১৬৭ কোটি ৩০ লাখ ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে বিদেশে থাকা প্রবাসীরা দেশে প্রেরণ করেছেন প্রায় ১৬৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যা বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে প্রায় ২০,৪১০ কোটি ৬০ লাখ।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৫ সালের সেপ্টেম্বরে ৩৭ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসীদের পাঠানো অর্থ ছিল ১৩০ কোটি ২০ লাখ ডলার।

চলতি অর্থবছর জুলাই থেকে সেপ্টেম্বরের ১৬ দিন পর্যন্ত দেশে এসেছে মোট ৬৫৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.৮ শতাংশ বা ১৩৩ কোটি ৩০ লাখ ডলারের বৃদ্ধি নির্দেশ করে। জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৩০,২৩৯ কোটি টাকা), এবং আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার (২৯,৫৪৮ কোটি ৪০ লাখ টাকা) রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা বছরের রেকর্ড হিসেবে রয়ে গেছে। পুরো অর্থবছর ২০২৪-২৫ এ প্রবাসী আয় ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।

মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ (২০২৪-২৫) ছিল: জুলাই ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর ২৪০.৪১ কোটি, অক্টোবর ২৩৯.৫০ কোটি, নভেম্বর ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি। ২০২৫ সালের জানুয়ারি ২১৯ কোটি, ফেব্রুয়ারি ২৫৩ কোটি, মার্চ ৩২৯ কোটি, এপ্রিল ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, সরকারী প্রণোদনা এবং প্রবাসীদের জন্য সহজীকৃত রেমিট্যান্স ব্যবস্থার কারণে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ ইতিবাচক ধারা বজায় রেখেছে।

মতামত দিন