খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ৭১৯ কোটি ৫০ লাখ টাকা ঘোষণা।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) চলতি অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার এ বাজেট উন্মোচন করেন।
এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৫৫ কোটি ৯৩ লাখ টাকা, যার মধ্যে প্রধান উৎস হলো রাজস্ব তহবিল। আর ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া সরকারের অনুদান হিসেবে রাখা হয়েছে ১৩০ কোটি ২৮ লাখ টাকা।
প্রশাসক ফিরোজ সরকার জানান, নতুন কোনো করারোপ রাখা হয়নি। বরং বাজেটের মূল জোর দেওয়া হয়েছে নগরের জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে।
গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৬১৮ কোটি টাকা। সেই বাজেটের অর্জন হার ছিল ৬৩ শতাংশ। প্রশাসক জানান, দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও সরকার থেকে প্রত্যাশিত বরাদ্দ না পাওয়ায় আগের বাজেটের লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি।
তবে তিনি আশা প্রকাশ করেন, চলতি অর্থবছরের বাজেট নগরবাসীর প্রত্যাশা অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে।

মতামত দিন