অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের নতুন রেকর্ডমূল্য: ২২ ক্যারেটের এক ভরির দাম কত?

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারো দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন এই দাম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরির স্বর্ণের মূল্য ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ হলেও, ২১ ক্যারেটের এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা। ১৮ ক্যারেটের জন্য এক ভরির দাম ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ ক্রয়ে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি সামান্য ভিন্ন হতে পারে।

এর আগে, ৭ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরির  দাম ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা আগের রেকর্ড ছিল। ২১ ক্যারেটের এক  ভরির দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম দেশে মোট ৫১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৫ বার, কমানো হয়েছে ১৬ বার। তুলনায় ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার বিক্রয় মূল্য ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।

মতামত দিন