কাতারে হামলা ও ট্রাম্পের শুল্ক আহ্বান: বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম বাড়েছে। তবে বাজারে দুর্বল চাহিদা ও সামগ্রিক মনোভাবের কারণে বৃদ্ধির হার সীমিত ছিল।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৬৭ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৬১ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে ৬৩.২৪ ডলারে বন্ধ হয়।
ওএএনডিএ’র সিনিয়র বিশ্লেষক কেলভিন ওং বলেন, “কাতারে হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ওপেকপ্লাস স্থাপনায় হামলা হলে স্বল্পমেয়াদে সরবরাহ সংকট দেখা দিতে পারে।”
প্রত্যুত্তরে ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের নেতৃত্বকে লক্ষ্য করেছে, আর কাতারের প্রধানমন্ত্রী এটিকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি আখ্যা দিয়েছেন।
হামলার প্রাথমিক প্রভাব হিসেবে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়, তবে মার্কিন আশ্বাস ও সরবরাহে কোনো বিঘ্ন না থাকায় মূল্য বৃদ্ধি স্থিতিশীল হয়ে পড়ে।
একই সময়ে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন, চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে রাশিয়ার অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য। বিশ্লেষকরা মনে করছেন, বড় ক্রেতাদের ওপর শুল্ক আরোপ রাশিয়ার তেলের রপ্তানি ব্যাহত করে বৈশ্বিক সরবরাহ সংকোচনের মাধ্যমে তেলের দাম আরও বাড়াতে পারে।
মতামত দিন