অর্থনীতি
ছবি: সংগৃহীত

বহুজাতিক কোম্পানির অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ।

নিজেস্ব প্রতিবেদক:

বহুজাতিক কোম্পানির মাধ্যমে অর্থপাচার রোধ করতে বাংলাদেশ ব্যাংক আরও শক্তিশালী নজরদারি  ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ চালু করা হয়েছে।

ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় কর্মকর্তা ও পর্যবেক্ষকদের সতর্ক করেছেন, ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার রোধে কড়া নজরদারি রাখতে হবে। তিনি বলেন, “বহুজাতিক কোম্পানিগুলো মাঝে মাঝে ট্রান্সফার প্রাইসিং ব্যবহার করে অবৈধভাবে অর্থ স্থানান্তর করে, যা দেশের রাজস্ব ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করে।”

কর্মশালার সভাপতিত্ব করেন বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের পরিচালক মাহবুবুল আলম। তিনি বৈদেশিক মুদ্রা লেনদেন পর্যবেক্ষণ ও জালিয়াতি প্রতিরোধে বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। ডেপুটি গভর্নর বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে মানবসম্পদ উন্নয়নের একটি বিনিয়োগ হিসেবে দেখা উচিত এবং ফরেনসিক ইন্সপেকশন কার্যক্রমে গুরুত্ব দেওয়া আবশ্যক।

বিশেষ অতিথি, নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, “বর্তমান ব্যাংকিং খাতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের প্রশিক্ষণ অপরিহার্য। এটি কর্মকর্তাদের দক্ষতা ও পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ট্রেড বেইজড মানিলন্ডারিং ও হুন্ডি প্রতিরোধের কৌশল শিখেছেন, যা বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও, সংকট নিরসনে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে ডেপুটি গভর্নরের সহযোগিতার প্রশংসা করেন মাহবুবুল আলম।

মতামত দিন