অর্থনীতি
ছবি: সংগৃহীত

করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইন প্রশিক্ষণ আয়োজন করবে এনবিআর।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী দিনে করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে  সহায়তার জন্য প্রশিক্ষণ দেবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো করদাতাদের সহজ ও নির্ভুলভাবে ই-রিটার্ন দাখিলের কৌশল শেখানো। অংশগ্রহণ করতে আগ্রহী করদাতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের এনলিস্টমেন্টের জন্য আবেদন করতে হবে।

আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট লিংক প্রদান করা হয়েছে: https://nbr.gov.bd/form/e-return-training/eng। এই লিংকে প্রবেশ করে করদাতাদের নিজের টিআইএন, নাম, ঠিকানা,  মোবাইল নম্বর, ই-মেইল এবং প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ করতে হবে। সাবমিট করার পর এনবিআর ই-মেইলের মাধ্যমে প্রশিক্ষণের নিশ্চিত তারিখ জানিয়ে দেবে।

এর আগে, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেছেন। এছাড়া, ৩ আগস্ট জারি করা বিশেষ আদেশে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে থাকা বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ব্যতীত সকল করদাতার জন্য অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছিল। পরে, ১১ আগস্ট বিশেষ আদেশটি সংশোধন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মতামত দিন