আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম।
রোববার ওপেক প্লাস ঘোষণা করেছে, অক্টোবর থেকে তারা দৈনিক মাত্র ১ লাখ ৩৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে। আগের মাসগুলো—অগাস্ট ও সেপ্টেম্বরে—মাসে গড়ে ৫ লাখ ৫৫ হাজার ব্যারেল করে উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল।
ওপেক প্লাসের ধীরগতিতে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক বাজারে দেখা গেছে; অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৩৫ সেন্ট বেড়ে ৬৬.৩৭ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৩২ সেন্ট বেড়ে ৬২.৫৮ ডলারে পৌঁছেছে।
রাশিয়ার ওপর সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার কারণে বাজারে সরবরাহের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এ বিষয়ে আলোচনা চালাচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার তেল রপ্তানি কমে যেতে পারে, যা দাম আরও বাড়াতে সহায়ক হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা তেলের চাহিদা বাড়াতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স

মতামত দিন