দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড।
দেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এই বাড়তি মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৬০১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের জন্য ২ হাজার ২২৮ টাকা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ হাজার ৯০১ টাকা বৃদ্ধি পেয়ে এখন ১ লাখ ২৩ হাজার ৬৩ টাকা।
এর আগে গত কয়েকদিনে চার দফা দাম বৃদ্ধি ঘটেছিল। গত ৪ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয় ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও তদনুযায়ী বৃদ্ধি পেয়েছিল।
রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন