অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী,স্পর্শ করলো ৩,৫৫০ ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৫৭৬.৫৯ ডলারে পৌঁছেছে এবং ইতিহাসের সর্বোচ্চ ৩,৫৭৮.৫০ ডলার স্পর্শ করেছে।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম বেড়ে ৩,৬৩৫.৫০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চাকরির তথ্য দুর্বল এবং সুদের হার কমার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, জুলাইয়ে চাকরির সংখ্যা প্রত্যাশার তুলনায় কম এবং নতুন নিয়োগও মাঝারি পর্যায়ে ছিল। ফলে শ্রমবাজারের চাপ কমার ইঙ্গিত দেখা দিয়েছে।

ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বর সভায় ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা এখন ৯৮ শতাংশে পৌঁছেছে। বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘তথ্য প্রকাশের আগেই স্বর্ণের দাম রেকর্ড স্পর্শ করেছিল। পরবর্তী লক্ষ্য আউন্সপ্রতি ৩,৬০০ ডলার।’

হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা মনে করেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা কমাচ্ছে, যার প্রভাবে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ধাবিত হচ্ছেন। ইউরোজোনের ধীরগতির অর্থনৈতিক প্রসার এবং কম সুদহারের পরিবেশও বুলিয়নের চাহিদা বাড়িয়েছে।

জ্যানার মেটালসের সিনিয়র কৌশলবিদ পিটার গ্রান্ট জানিয়েছেন, ‘স্বর্ণের ঊর্ধ্বগতি চলমান। স্বল্প ও  মধ্যমেয়াদে দাম ৩,৬০০ থেকে ৩,৮০০ ডলারের মধ্যে উঠতে পারে। আগামী বছরের প্রথম প্রান্তিকে স্বর্ণের দাম ৪,০০০ ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে।’

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বৃদ্ধি পেয়েছে। স্পট সিলভার বেড়ে ৪১.৩৪ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম ১,৪৩৪.১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১,১৫৫.০৫ ডলারে উঠেছে।

মতামত দিন