অর্থনীতি
ছবি: সংগৃহীত

দুই বছরের সুযোগ চাইছে এক্সিম ব্যাংক, মার্জারের বিরোধিতায় চেয়ারম্যান স্বপন।

নিজেস্ব প্রতিবেদক:

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে শুরু হয়েছে শেষ দফার শুনানি। টানা পাঁচ দিনের এ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বক্তব্য শোনার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

প্রথম দিন রোববার (৩১ আগস্ট) সকালে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ উপস্থিত হয় বাংলাদেশ ব্যাংকে। সেখানে চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান, এক্সিম ব্যাংককে যদি দুই বছরের সময় দেওয়া হয়, তবে প্রতিষ্ঠানটি নিজের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তিনি দাবি করেন, ইতিমধ্যে খেলাপি ঋণ ও কুঋণ কমানোর পদক্ষেপ শুরু হয়েছে।

তবে মার্জারের বিপক্ষে অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ব্যাংকটির আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করার সুযোগ এখনও রয়েছে। এ প্রসঙ্গে স্বপন আরও জানান, গভর্নর অসুস্থ থাকায় অর্থবিভাগের সঙ্গে বৈঠকের সময় পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনায় এসেছে।

আগামী চার দিনে শুনানিতে অংশ নেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। মূলধন ঘাটতি, তারল্য, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও প্রভিশন ঘাটতির সর্বশেষ অবস্থা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন