অর্থনীতি
ছবি: সংগৃহীত

পলিথিন-প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা, পাটের ব্যাগ ব্যবহার বাড়ানোর আহ্বান:পরিবেশ উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হুঁশিয়ারি দিয়েছেন, পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে, আর কোনো ছাড় থাকবে না।”

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্লাস্টিক দূষণ কমাতে পাটের ব্যবহার বাড়ানো প্রয়োজন। যারা আগে প্লাস্টিকের ব্যাগ উৎপাদন করতেন, তারা যদি পাটের ব্যাগ উৎপাদনে মনোনিবেশ করেন, তবে এই খাতে দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার উৎপাদকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পাশে থাকবে।

তিনি আরও বলেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়ালে অর্থনীতির গতি বাড়বে। ভবিষ্যতে পাটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ গ্রহণযোগ্য হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির ৬০টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানীজুড়ে। কাঁচাবাজারের ক্রেতা বা বিক্রেতা কেউই এগুলো ভর্তুকি মূল্যে সংগ্রহ করতে পারবেন। মান ও আকারভেদে ব্যাগের দাম হবে ২০-৮০ টাকা। দেশের অন্যান্য এলাকায় এর পরিসর দ্রুত বৃদ্ধি করা হবে।

উৎপাদকরা আশা প্রকাশ করেছেন, সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

মতামত দিন