বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দরপতন।
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও হ্রাস পেয়েছে। উৎপাদন বৃদ্ধির ঘোষণা আসায় বাজারে এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে কমে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৪৯ ডলার, যা আগের তুলনায় ১৮ সেন্ট কম। অপরদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ডে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দামও কমেছে ১২ সেন্ট, দাঁড়িয়েছে ৬৭ দশমিক ২১ ডলারে।
এর একদিন আগেই ওপেক প্লাস ঘোষণা দেয়, তারা আগামী মাস থেকে প্রতিদিন অতিরিক্ত ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তেলের মজুত কমে আসার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, এই ধাপে ধাপে উৎপাদন বাড়ানোর ফলে মোট উৎপাদন প্রায় ২৫ লাখ ব্যারেল পর্যন্ত পৌঁছাবে, যা বর্তমান বৈশ্বিক চাহিদার প্রায় ২ দশমিক ৪ শতাংশের সমান।
তেলের বাজারে এমন পরিবর্তনের পেছনে মূল চালিকাশক্তি হয়ে উঠেছে ওপেক প্লাসের নীতিগত সিদ্ধান্ত এবং বৈশ্বিক অর্থনৈতিক গতিপথ।
তথ্যসূত্র: রয়টার্স
মতামত দিন