অর্থনীতি
ছবি: সংগৃহীত

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন অর্থবছরের প্রথমার্ধের (জুলাই–ডিসেম্বর) জন্য আজ ২০২৫-২৬ সালের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতির ঘোষণা দেবেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণপ্রবাহের গতি ফিরিয়ে আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির দিকে নজর থাকবে। জানা গেছে, স্বল্পমেয়াদে কিছুটা সংকোচনমুখী ধারা বজায় থাকলেও দীর্ঘমেয়াদে তা ধীরে  ধীরে শিথিল করা হবে।

আগের সরকারের আমলে শুরু হওয়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে সুদের  হার বাড়ানোর কৌশল নেয়। এই ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারও বজায় রেখেছে। কিন্তু এতে মূল্যস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে না কমলেও বিনিয়োগে স্থবিরতা দেখা দেয়, যার ফলে অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ে।

বর্তমানে ১০ শতাংশ নীতিগত সুদহার বলবৎ রয়েছে, যা ব্যাংক ঋণে ১৫ শতাংশ পর্যন্ত সুদ তৈরি করছে। তবে নতুন মুদ্রানীতিতে ব্যবসা ও বিনিয়োগে আস্থা ফেরাতে কিছু শর্তসাপেক্ষ নীতি পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এছাড়া দীর্ঘমেয়াদে একটি বিনিয়োগবান্ধব রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজকের ঘোষণায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা, আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং মুখ্য অর্থনীতিবিদরা।


মতামত দিন