ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার ঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের সতর্কতা।
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের প্রতি বড় ধরনের সাইবার আক্রমণের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে। বুধবার (৩০ জুলাই) ব্যাংকের আইসিটি বিভাগ থেকে একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো, স্বাস্থ্যখাত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক ও আর্থিক খাতের সাইবার হামলার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিটি দেশের সব তপশিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রেরিত হয়েছে।
চিঠিতে তুলে ধরা হয়েছে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা যেমন—
-
সার্ভার, ডেটাবেস ও আইটি সিস্টেম নিয়মিত আপডেট রাখা,
-
অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ ও অনুমতিভিত্তিক এক্সেস নিশ্চিত করা,
-
নিয়মিত ও নিরাপদ ব্যাকআপ ও রিস্টোর ব্যবস্থা রাখা,
-
ডেটা স্থানান্তর ও সংরক্ষণে এনক্রিপশন বাধ্যতামূলক করা,
-
গুরুত্বপূর্ণ সিস্টেমে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু রাখা,
-
নিরাপত্তা নজরদারি ও ইডিআর, অ্যান্টিভাইরাস সফটওয়্যার হালনাগাদ রাখা,
-
সাইবার হামলার প্রেক্ষিতে ইনসিডেন্ট রেসপন্স টিম ও পরিকল্পনা প্রস্তুত রাখা,
-
সন্দেহজনক কার্যক্রম মনিটরিং ও প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানানো,
-
রিমোট এক্সেস, ভিপিএন ও প্রিভিলেজড অ্যাকাউন্ট নিয়মিত পর্যালোচনা,
-
সাইবার হামলার লক্ষণ দেখা গেলে দ্রুত বাংলাদেশ ব্যাংককে অবহিত করা,
-
২৪ ঘণ্টা নিরাপত্তা মনিটরিং সেন্টার পরিচালনায় যথাযথ জনবল নিশ্চিতকরণ,
-
লোড ব্যালেন্সার স্থাপন ও বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা,
-
বিজনেস কনটিনিউটি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়মিত হালনাগাদ ও বাস্তবায়ন।
চিঠিতে আরও বলা হয়েছে, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিহত করা, ক্ষয়ক্ষতি কমানো এবং ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।
মতামত দিন