রাজধানীর বাজারে সবজির দাম চড়া, ইলিশ-চালের উচ্চমূল্যও অব্যাহত।
ঢাকার বাজারে আবারও আগুন লেগেছে নিত্যপণ্যের দামে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে শাকসবজি ও মাছের বাজার।
শুক্রবার (২৫ জুলাই) বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সবজি, চাল ও মাছের দামে সাধারণ ক্রেতারা দিশেহারা।
ইলিশ কিনতে গেলে গুনতে হচ্ছে ২৫০০ টাকা!
ইলিশের বাজার যেন অস্থির হয়ে উঠেছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকায়। এমনকি দেড় কেজির ইলিশের দাম ছাড়িয়েছে ৩২০০ টাকা। ইলিশ কম ধরা পড়ার কারণ দেখিয়ে বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।
সবজির বাজারে প্রতি কেজিতে ৫-১০ টাকা বাড়তি
বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে। ঢ্যাঁড়শ, পটোল, বরবটি, বেগুন, করলা, কচুর লতি, শসা—সব কিছুর দামই গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশি। টমেটোর মতো কিছু সবজির দাম ১২০ টাকায় পৌঁছেছে, যা এ সময়ের তুলনায় অস্বাভাবিক।
চাল এখনও চড়া, মিলছে না স্বস্তি
নাজিরশাইল, মিনিকেটসহ প্রিমিয়াম চালের দাম এখনো ৮৫-৯২ টাকার মধ্যে। মোটা চালও ৬০ টাকার ঘরে। চাল ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়েনি ঠিকই, কিন্তু কমারও সম্ভাবনা নেই।
ব্রয়লারের দাম কিছুটা কমেছে, তবে মুরগির বাজার এখনও অস্থির
ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি, দেশি মুরগি ও লেয়ার মুরগির দাম এখনও বেশ চড়া। দেশি মুরগি কেজিপ্রতি ৬৫০-৭০০ টাকা, হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়।
ডিমে খানিকটা স্বস্তি
সাদা ও লাল ডিমের দাম ১১০-১২০ টাকায় সীমাবদ্ধ থাকায় কিছুটা স্বস্তি পেয়েছেন ভোক্তারা। যদিও পাড়ার দোকানগুলোতে ডজনে ৫-১০ টাকা বেশি নিচ্ছে অনেকে।
মাছের বাজারে আগুন, কাঁচকি-মলা পর্যন্ত ৭০০ টাকা!
ইলিশের বাইরে অন্যান্য মাছ যেমন বোয়াল, কোরাল, রুই, পাবদা, শিং, ট্যাংরা—সব মাছের দামই অস্বাভাবিকভাবে চড়া। কাঁচকি মাছ কেজিপ্রতি ৬৫০-৭০০ টাকা, মলা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের দামে স্থিতিশীলতা
গরু, খাসি ও ছাগলের মাংসের দামে তেমন হেরফের নেই। গরুর মাংস ৭৫০-৮০০, খাসি ১২০০ এবং ছাগলের মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
ভোক্তাদের ক্ষোভ, বিক্রেতারাও বলছেন 'কিছু করার নেই'
বাজার করতে আসা ক্রেতারা বলছেন, প্রতিদিন দাম বাড়ছে, অথচ আয় বাড়ছে না। বিপরীতে বিক্রেতারা বলছেন, তারা শুধু পাইকারি বাজারের ওপর নির্ভরশীল—সরবরাহ কমলে দাম বাড়তেই বাধ্য।

মতামত দিন