অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নে চরম ভাটা।

নিজেস্ব প্রতিবেদক:

সর্বনিম্ন বাস্তবায়নের নজির গড়েছে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানায়, এ বছর বরাদ্দকৃত অর্থের মাত্র ৬৭ দশমিক ৮৫ শতাংশ খরচ করা গেছে।

অর্থাৎ খরচ না হওয়া অর্থের পরিমাণ ৭২ হাজার ৭১৪ কোটি টাকার বেশি।

এই বাস্তবায়ন হার গত দুই দশকে আর দেখা যায়নি। আগের অর্থবছর ২০২৩-২৪-এ যেখানে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ, সেখানে এবার তা কমেছে প্রায় ১৩ শতাংশ পয়েন্ট।

আইএমইডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫৩ হাজার ৪৫০ কোটি টাকা।

ক্ষমতা পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের নেওয়া একাধিক প্রকল্পের অর্থছাড় স্থগিত বা সীমিত করে দেয়। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাছাই ও বাস্তবায়নের সিদ্ধান্তের কারণে অনেক চলমান প্রকল্প থেমে যায় বা বিলম্বিত হয়। এরই ফলে প্রকল্প বাস্তবায়নে ছন্দপতন ঘটে, যা বরাদ্দ অর্থ ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলে।

তবে এই খরা সবার মধ্যে সমানভাবে পড়েনি। একমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বরাদ্দের শতভাগ কার্যকরভাবে খরচ করেছে। বিদ্যুৎ বিভাগ ৯৮ শতাংশ অর্থ ব্যয় করে রয়েছে দ্বিতীয় স্থানে। এর পরেই রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং পানি সম্পদ বিভাগ।

অন্যদিকে ব্যয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ২ হাজার ২৮৩ কোটি টাকার বরাদ্দ থেকেও খরচ হয়েছে মাত্র ৩৫০ কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ বাস্তবায়ন হার ১৬  শতাংশের নিচে। নির্বাচন কমিশন সচিবালয় খরচ করেছে মোট বরাদ্দের ৩২ শতাংশ, আর সরকারি কর্ম কমিশন ও ভূমি মন্ত্রণালয়ের ব্যয় ৩৭ শতাংশ করে।

উল্লেখযোগ্য যে, গত এক দশকে এডিপি বাস্তবায়নের হার কখনো ৮০ শতাংশের নিচে নামেনি। ২০২২-২৩ অর্থবছরে ৮৫.১৭ শতাংশ, ২০২১-২২ সালে ৯২.৭৪ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে ৮২.১১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৯৪.৬৬ শতাংশ এবং ২০১১-১২ অর্থবছরে রেকর্ড ৯৯  শতাংশ বাস্তবায়নের নজির রয়েছে।

এই বাস্তবতার মধ্যেও আগামী অর্থবছর ২০২৫-২৬-এর জন্য সরকার নতুন এডিপির আকার নির্ধারণ  করেছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—আগের বছরের অভিজ্ঞতা মাথায় রেখে এবারের বরাদ্দ কী আদৌ বাস্তবে রূপ নিতে পারবে?

মতামত দিন