অর্থনীতি
ছবি: সংগৃহীত

নিলামে ১৯১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকঃ

বাজারে ডলারের চাহিদা কমে যাওয়ায় নিলামের মাধ্যমে ১৮টি ব্যাংক থেকে ১৯১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, “ডলারের দাম হঠাৎ করে কমতে শুরু করেছে। এ অবস্থায় রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনেছে। এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন অনুযায়ী আমরা ডলার কেনা–বেচা করে থাকি।”

সম্প্রতি রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের জোগান বেড়েছে। ফলে এক সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা কমে গেছে। গত বৃহস্পতিবার বেশিরভাগ ব্যাংক রেমিট্যান্স ডলারের দাম ১২০ টাকা ধরেছে, যদিও কিছু ব্যাংক ১২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম দিয়েছে।

এর আগে গত ডিসেম্বরের শুরুতে বাজারে ডলারের অস্থিরতা দেখা দিয়েছিল। তখন দুই কার্যদিবসে দর রেকর্ড ভেঙে ১২৮ টাকায় পৌঁছে যায়। সেই সময় হস্তক্ষেপ করে বাংলাদেশ ব্যাংক বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনে এবং ১৩টি ব্যাংককে ব্যাখ্যা তলব করে।

পরবর্তীতে চলতি বছরের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থায় রূপান্তর করে। সেই ব্যবস্থার পর এবারই প্রথম নিলামের মাধ্যমে বড় পরিসরে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন