রেমিট্যান্সে নতুন রেকর্ড, জুনে এসেছে ২৭০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।
এটি শুধু মাসিক রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতার নির্দেশই দেয় না, বরং গোটা অর্থবছরের রেমিট্যান্স চিত্রেও নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশে আসা মোট রেমিট্যান্সের পরিমাণ ছাড়িয়ে গেছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বা এক বছরে সর্বোচ্চ।
গত বছরের জুন মাসে আসা রেমিট্যান্সের তুলনায় (২৩৭ কোটি ২০ লাখ ডলার) এবার প্রবাহ বেড়েছে প্রায় ১৪ দশমিক ১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক ধারা ফিরে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জানুয়ারিতে এসেছিল ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার,এপ্রিল মাসে ২৭৫ কোটি এবং মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডি প্রতিরোধ, ডলার রেট স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স উৎসাহিত করতে সরকারের নানা ধরনের উদ্যোগ প্রবাসী আয়ে ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে তারা এটিও মনে করছেন, এই ধারা ধরে রাখতে হলে প্রণোদনার পাশাপাশি প্রবাসী শ্রমবাজারের বহুমুখীকরণে আরও জোর দিতে হবে।

মতামত দিন