অর্থনীতি
ছবি: সংগৃহীত

মার্কিন হামলার পর চড়তে শুরু করেছে তেলের দাম,বিশ্ববাজারে অস্থিরতা।

নিজস্ব প্রতিবেদক:

ইরানে মার্কিন বিমান হামলার পরপরই বৈশ্বিক তেলবাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। বাজার খুলতেই ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

দুই ধরনের তেলের দামই ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।

পরে দামের গতি কিছুটা ধীর হলেও, বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৯.২০ ডলার, যা আগের দিনের তুলনায় ২.২ শতাংশ বেশি। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম উঠে আসে ৭৫.৯৮ ডলারে, বৃদ্ধি ২.১ শতাংশ।

জাপানের এমইউএফজি ব্যাংকের বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে এবং এর পরিণতি অনিশ্চিত থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১০ ডলার পর্যন্ত বাড়তে পারে।

বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান প্রতিদিন প্রায় ৩৩ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।  এর অর্ধেক রপ্তানি করে, বাকিটা দেশীয় চাহিদায় ব্যবহৃত হয়। ফলে দেশটির ওপর কোনো ধরনের সামরিক আঘাত বা কড়াকড়ি নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন বাজার পর্যবেক্ষকরা।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর মতো কৌশলগত রপ্তানি পথের ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে বিশ্বব্যাপী জ্বালানি খাতে বাড়ছে চাপ, যার প্রভাব সরাসরি পড়তে পারে সাধারণ ভোক্তার ওপরও।

তথ্যঃ আল-জাজিরা

মতামত দিন