অর্থনীতি
ছবি: সংগৃহীত

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন উপদেষ্টা পরিষদের।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেট আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল উপদেষ্টা পরিষদের সভায়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত এই বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

রোববার (২২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বাজেট অনুমোদনের পাশাপাশি এর কার্যকরিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধ্যাদেশ প্রস্তুতের বিষয়েও সিদ্ধান্ত হয়।

সরকারি সূত্র জানায়, বাজেট বাস্তবায়নের লক্ষ্যে আজই বরাদ্দ ও করনীতি-সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারির প্রস্তুতি চলছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রথমবারের মতো সংসদের বাইরে একটি পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করেন। রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে সম্প্রচারিত হয় তার বক্তব্য।

এরপর অর্থ মন্ত্রণালয় জনমত গ্রহণের উদ্দেশ্যে বাজেট প্রস্তাবনা প্রকাশ করে অনলাইনে। ১৯ জুন নাগরিক মতামত গ্রহণ শেষে প্রস্তাবনাটিতে আংশিক পরিবর্তন আনা হয়। সংশোধিত বাজেট খসড়াটি উপস্থাপন করা হয় রোববারের উপদেষ্টা পরিষদে এবং সেখানেই তা অনুমোদিত হয়।

অন্তর্বর্তী সরকারের এ বাজেটকে অনেকেই অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

মতামত দিন