অর্থনীতি
ছবি: সংগৃহীত

সংঘাতের ছায়ায় কমছে স্বর্ণের মূল্য, চড়া দামে প্লাটিনাম।

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে। স্বর্ণ ও রুপার দামে পতন দেখা গেলেও বিপরীত প্রবণতায় চড়া দামে বিক্রি হচ্ছে প্লাটিনাম।

সাধারণত বৈশ্বিক অস্থিরতা শুরু হলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। তবে এবার ছবিটা ভিন্ন। যুদ্ধ পরিস্থিতিতে অন্য খাতে ক্ষতির ভার সামলাতে স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন অনেক বিনিয়োগকারী। এর ফলে গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৩৮ শতাংশ।এখন প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৬৬ ডলার ৩৭ সেন্টে। অথচ এক বছর আগেই এই ধাতুর দাম উঠেছিল ৩ হাজার ৫০৬ ডলার পর্যন্ত।

রুপার বাজারেও রয়েছে একই প্রবণতা। সাত দিনে প্রতি আউন্স রুপার দর কমেছে ১ দশমিক ৬৮ শতাংশ। বর্তমানে এই ধাতুটি বিক্রি হচ্ছে ৩৫ ডলার ৮০ সেন্টে। বিশ্লেষকদের মতে, বাজারে লেনদেন কমে যাওয়ায় এবং দ্রুত মুনাফা তুলতে চাওয়ায় বিনিয়োগকারীরা রুপার দিক থেকেও সরে আসছেন।

তবে এরই মধ্যে নজর কেড়েছে প্লাটিনাম। সরবরাহ ঘাটতির কারণে এর দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এক সপ্তাহে প্লাটিনামের মূল্যবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৯১ শতাংশ। বর্তমানে প্রতি ট্রয় আউন্স প্লাটিনাম বিক্রি হচ্ছে ১ হাজার ২৮২ ডলারে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্য। এক বছরে এই ধাতুর সর্বোচ্চ দর ছিল ১ হাজার ৩৪৩ ডলার।

অন্যদিকে, শিল্পে বহুল ব্যবহৃত কপার বা তামার বাজারেও দরপতন দেখা দিয়েছে। দাম কমেছে প্রায় ১ শতাংশ। এখন প্রতি আউন্স তামা বিক্রি হচ্ছে ৪ দশমিক ৭৭ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাবস্থায় বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং দ্রুত নগদ অর্থ উত্তোলনের প্রবণতা মূলত এই বাজার পরিবর্তনের কারণ। তবে আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে সংঘাত কতটা প্রসারিত হয় তার ওপর।

মতামত দিন