অর্থনীতি
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে আবারও বাড়ছে চালের দাম।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চালের বাজারে ফের দেখা দিয়েছে অস্থিরতা। চলতি সপ্তাহে অধিকাংশ ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৯ টাকা পর্যন্ত।
এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২০ জুন) সকালে কারওয়ান বাজার, শ্যামবাজার, নয়াবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে ধানের দাম বেড়ে যাওয়ায় মিল পর্যায়ে চালের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম।

চিকন চালের মধ্যে মিনিকেট ও নাজিরশাইল বেশি দামে বিক্রি হচ্ছে। মিনিকেট প্রতি কেজি ৭০-৮০ টাকায়, নাজিরশাইল ৭৫-৮৬ টাকা এবং আটাইশ চাল ৫৬-৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পোলাও চালের দাম পৌঁছেছে ১১৬-১১৮ টাকায়।

চাল ব্যবসায়ী জানান,ধান সংগ্রহ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মিলাররা আগের চেয়ে বেশি দামে চাল ছাড়ছেন। তিনি বলেন, "চালের দাম এত দ্রুত বাড়ছে যে আমরাও কনফিউজড। বেচাকেনায় গতি নেই, ক্রেতারাও ক্ষুব্ধ।"

বাজারে আসা এক ক্রেতা বলেন, “বছরের পর বছর চালের বাজারে সিন্ডিকেটই চলছে। সরকার নজর না দিলে এই পরিস্থিতি আরও খারাপ হবে।”

চালের দাম বাড়ার বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান,ধান-চাল বাজার নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজনে মাঠপর্যায়ে অভিযান চালানো হবে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চালের বাজারে সরবরাহ ঠিক থাকলেও মনিটরিং না থাকায় মধ্যস্বত্বভোগীরা দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের উচিত জরুরি ভিত্তিতে বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া।

মতামত দিন