ব্যাংকিং খাতে সংস্কারে বাংলাদেশকে এডিবির ৫০ কোটি ডলারের ঋণ সহায়তা।
বৃহস্পতিবার (১৯ জুন) ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের বৈঠকে এই ঋণ অনুমোদন দেওয়া হয়। স্থানীয় মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে গণনা করা হয়েছে)।
এডিবির এক প্রেস বিবৃতিতে জানানো হয়, এই অর্থ বাংলাদেশের ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নে ব্যয় হবে। মূলত আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা, কেন্দ্রীয় ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা কাঠামো আধুনিকায়ন এবং ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করাই হবে এ ঋণের মূল লক্ষ্য।
এডিবির আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, “বাংলাদেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণ সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতেই এই কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।” তিনি আরও বলেন, “সাশ্রয়ী ও টেকসই অর্থায়নের সুযোগ সৃষ্টি করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও বেশি অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে এই প্রকল্পে।”
এডিবি মনে করছে, বর্তমানে দেশের একটি বড় জনগোষ্ঠী মূলধারার ব্যাংকিংয়ের বাইরে রয়ে গেছে। ফলে তারা প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করে। ব্যাংকিং অবকাঠামোর আধুনিকায়ন এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে উন্নয়ন সংস্থাটি।
প্রতিষ্ঠানটির মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকিং কাঠামোকে সংস্কার করা গেলে সম্পদের মান নিয়ে বিদ্যমান অনিশ্চয়তা দূর হবে, একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে।
মতামত দিন