প্রতিকূলতা সত্ত্বেও কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সোমবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি অর্থবছরের ১৫ জুন পর্যন্ত মোট ৩১ লাখ ৭১ হাজার ৭৯৯ টিইইউস (২০ ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪.৬৩ শতাংশ বেশি।
বন্দরের তথ্য অনুযায়ী, চলতি বছর জুলাইয়ের গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, ঈদের ছুটিসহ পরিবহন ধর্মঘট ও কাস্টমসের কর্মবিরতির কারণে প্রায় দুই মাস কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তবুও এসব প্রতিকূলতা কাটিয়ে ওঠে বন্দরটি ধারাবাহিকভাবে কর্মদক্ষতা ধরে রাখতে সক্ষম হয়।
সফলতা অর্জনের পেছনে বন্দরের প্রযুক্তিগত উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে অটোমেশন, ই-গেট পাস, আধুনিক কনটেইনার ম্যানেজমেন্ট সিস্টেম এবং ক্রেন ও সরঞ্জাম ব্যবস্থার সম্প্রসারণ উল্লেখযোগ্য অবদান রেখেছে বলে জানানো হয়।
চট্টগ্রাম বন্দর ২০২৩-২৪ অর্থবছরে মোট ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস এবং ২০২২-২৩ অর্থবছরে ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছিল। চলতি অর্থবছরের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও গত বছরের পুরো সংখ্যাকে ছাড়িয়ে যাওয়া ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বন্দর কর্তৃপক্ষ আশাবাদী, ৩০ জুনের মধ্যে আরও একটি নতুন রেকর্ড গড়া সম্ভব হবে।
এই প্রবৃদ্ধি দেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে গতি আনার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন