অর্থনীতি
ছবি: সংগৃহীত

৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম ১৭ জুন।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক আগামী ১৭ জুন (মঙ্গলবার) ৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (BGTB) বিক্রির জন্য নিলামের আয়োজন করছে। রোববার (১৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এবারের নিলামে ৩ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এসব বন্ডে বার্ষিক কুপন হারে ছয় মাস অন্তর মুনাফা পরিশোধ করা হবে। নিলামে অংশগ্রহণকারীদের জন্য ‘কাট-অফ ইয়েল্ড’ হারের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র প্রাইমারি ডিলার হিসেবে স্বীকৃত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব খাত অথবা তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিনিয়োগের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে অংশ নিতে পারবে।

ইলেকট্রনিকভাবে বিড দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।বিড দাখিল করতে হবে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত FMI প্ল্যাটফর্মের মাধ্যমে। তবে প্রয়োজনবোধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে ‘সিলড কভারস’ পদ্ধতিতে হাতে কলমে বিড দাখিলের সুযোগও রাখা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রাইমারি ডিলারসহ অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যেই চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন